ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গঠন কেবল ইসলামেই সম্ভব। তাই তাগুতি শক্তির সংশ্রব ত্যাগ করে একমাত্র ইসলামকে বিজয়ের মানসিকতা নিয়ে সবাই এক হতে পারলে এদেশে ইসলাম প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। কেননা এক দল অন্য দলের কাছে নিরাপদ নয়, কিন্তু ইসলামে সবাই নিরাপদ। ইসলাম প্রতিষ্ঠা হলে সকল দল ও মতের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) বরিশালের চরমোনাই মাদরাসায় আগত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
মুফতী ফয়জুল করীম বলেন, শোষিত বঞ্চিত মজলুম মানুষের মুক্তির ঠিকানা একমাত্র ইসলাম। ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদে শান্তি আসতে পারে না। বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তির একমাত্র ঠিকানা ইসলাম। বিশ্বব্যাপী জুলুম, নির্যাতন, শোষণ-বঞ্চনা, দখল-দারিত্বের হাত থেকে বাঁচতে ইসলামের বিকল্প নেই।
মুফতী ফয়জুল করীম আরও বলেন, সংগঠন যত বড় হবে তত সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারও হবে। এজন্য সকলকে সজাগ ও সতর্ক থেকে কাজকর্ম চালিয়ে যেতে হবে। যে কোন ধরণের বিতর্ক এবং ফেতনা-ফাসাদ থেকে মুক্ত থাকতে হবে।











