রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও চরিত্র নিয়ে বছরজুড়ে ব্যাপকভাবে আলোচনা ও চর্চা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’ হিসেবে প্রেরণ করেছেন। অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা এবং মানবজাতির চূড়ান্ত মুক্তির একমাত্র পথ হলো তাঁর নির্দেশিত আদর্শ অনুসরণ করা।
জামায়াত আমীর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বাস্তব প্রতিফলনই পবিত্র কুরআন। তিনি ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও পথপ্রদর্শক।
তিনি বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও আন্তর্জাতিক সম্পর্কসহ জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ ছাড়া আল্লাহর সন্তুষ্টি এবং ইহকালীন ও পরকালীন সাফল্য অর্জন সম্ভব নয়।
তিনি আরও বলেন, এ কারণে সীরাতুন্নবী (সা.) গভীরভাবে অধ্যয়ন করা, প্রজ্ঞা ও হিকমতের সঙ্গে তা মানুষের কাছে তুলে ধরা এবং দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা প্রতিটি মুসলিমের অবশ্য কর্তব্য।
ডা. শফিকুর রহমান সীরাত চর্চাকে কোনো নির্দিষ্ট দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর অব্যাহত রাখার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠনকে সীরাতের ওপর আলোচনা সভা, সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজনের আহ্বান জানান। পাশাপাশি মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট হওয়ার জন্য দেশবাসীর প্রতি তাগিদ দেন।










