প্রতিহিংসাপরায়ণ হয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ দিতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কুমিল্লা নামে বিভাগ দিতে চান না। কিন্তু কেন? কীসের এত রাগ, এত ক্ষোভ? উনি বলেছেন কুমিল্লার নামে না দিয়ে মেঘনা আর ফরিদপুরকে পদ্মা নামে বিভাগ দেবেন। মানুষ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। তার এমন বক্তব্যে কুমিল্লার মানুষ অত্যন্ত মর্মাহত। একজন ব্যক্তির প্রতিহিংসায় হাজার বছরের নাম তিনি মুছে দিতে চান কেন? দেশের মানুষকে আহত করে তিনি প্রতিহিংসাপরায়ণ হবেন এটাতো হতে দেওয়া যায় না।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষকদলের আয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
‘আমি এত কিছু করলাম অন্যরা চোখে দেখে না। তারা নানা ঘটনার জন্ম দিচ্ছে।’ পায়রা ব্রিজ উদ্বোধনকালে বিএনপিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর দেওয়া এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, ঘটনার জন্ম দিচ্ছে কারা? কুমিল্লা, রংপুরসহ দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে আপনার ছাত্রলীগ জড়িত মিডিয়াতে তা প্রকাশ পাচ্ছে।
আর এগুলো হচ্ছে আপনার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এ অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই পূজামণ্ডপে হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন।











