spot_img
spot_img

আজই ইরানে হামলা হতে পারে: ট্রাম্প

আমেরিকা চাইলে আজ রোববারই ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আমেরিকাকে হয়তো ‘কাজটি শেষ করতে হবে’ অথবা তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার পর পাম বিচ কাউন্টি সুপারভাইজার অব ইলেকশনস কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন ট্রাম্প।

ইরানে নতুন করে হামলার বিষয়ে চিন্তাভাবনা কতটা এগিয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এ নিয়ে ভাবছি এবং হতে পারে কালকেই (রোববার) তা হতে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি হামলা করব কিনা, তা কি আসলেই আপনাদের আগে থেকে বলে দেব?’

ট্রাম্প বলেন, ইরান আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারলে সামরিক পদক্ষেপ এড়াতে পারে। তিনি বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, কিন্তু মূল সমস্যা হলো তারা কি সেই চুক্তিতে শেষ পর্যন্ত টিকে থাকবে?’

ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই তাঁর একমাত্র উদ্দেশ্য বলে জানান ট্রাম্প। এর আগে বি-২ বোমারু বিমান দিয়ে চালানো অভিযান দীর্ঘমেয়াদি সমাধানের জন্য যথেষ্ট ছিল না দাবি করে তিনি বলেন, ‘আমাকে সিদ্ধান্তটি স্থায়ী করতে হবে। আর একমাত্র সে কারণেই আমি পদক্ষেপ নিচ্ছি।’

এ সময় কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ উপস্থাপন না করেই ট্রাম্প দাবি করেন, যুদ্ধ শুরুর আগের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ ও জাহাজ চলাচল বেড়েছে।

পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানিয়ে সামরিক অভিযান ও আলোচনার উভয় পথই খোলা রাখেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমাকে হয়তো বিষয়টি শেষ করতে হবে, অথবা তারা হয়তো একটি চুক্তি করবে। তবে আমি এখনো নিশ্চিত নই। যে পথেই যাক না কেন, জয় আমাদেরই হবে।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ার জন্য আমেরিকাকে দায়ী করেছেন। আমেরিকানদের ‘ভীতু’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা ‘সবকিছু এলেমেলো করে দিয়েছে’। তবে একই সঙ্গে তেহরানের উচিত চুক্তি চূড়ান্ত করার জন্য আবারও চেষ্টা করা, এমন মত দিয়েছেন তিনি।

এর আগে ইরান, আমেরিকা ও দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। পরবর্তীতে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা হলেও সংকটের স্থায়ী কোনো সমাধান এখনো হয়নি।

সূত্র: রয়টার্স; আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ