spot_img
spot_img

মজুরি বৃদ্ধির পরও গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণা এলেও শ্রমিকদের অসন্তোষ কমেনি। নতুন মজুরি কাঠামোর ঘোষণার পর বুধবার সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে নেমেছেন পোশাকশ্রমিকেরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন শ্রমিকেরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।

গাজীপুর মহানগরীর নাওজোর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও তিনসড়কসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। একই সঙ্গে শ্রীপুরের কয়েকটি এলাকাতেও শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। পরিস্থিতি বিবেচনায় বুধবারের জন্য বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে মঙ্গলবারও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে সেদিন ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে কোনাবাড়ী, জরুন, মৌচাক, ভোগড়া, মেম্বারবাড়ি ও বাঘের বাজারসহ বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মঙ্গলবার রাতে বোর্ডের সভায় ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন মজুরি কাঠামোর ঘোষণা সত্ত্বেও শ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ