প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নিরপেক্ষ নির্বাচন চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু সকল বিষয় আমাদের নিয়ন্ত্রণে নেই, কিছু দায়িত্বে রাজনৈতিক দলগুলোর ও আছে। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা, আমাদের নির্বাচন করতেই হবে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহারে চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায় শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিবদের এসব কথা বলেন তিনি।
এসময় সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর মতানৈক্য না হলে অংশগ্রহণ মূলক নির্বাচন কঠিন হবে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে নির্বাচনকে অর্থবহ করতে আহ্বান জানান তিনি।।
তিনি বলেন, আমরা প্রত্যাশা করি বড় রাজনৈতিক দল গুলো যেন নির্বাচনে অংশগ্রহণ করে। নিজেদের মধ্যে যদি কোন বোঝাপড়া থেকেও থাকে, সেটি সমাধান করতে হবে আলোচনার মাধ্যেমে। আমরা চাই সকলের সহযোগিতায় জনগনের কাছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতাটা বলতে চাই। আমরা নির্বাচন করবো সংবিধানের বিধান অনুযায়ী। যেটা বর্তমানে বহাল আছে। সেভাবে আমাদের নির্বাচন করতে হবে। একইভাবে আমাদের প্রত্যাশা থাকবে সব রাজনৈতিক দল-প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অতি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে।
তিনি আরও বলেন, যারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তারা এই মেশিনটি পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব। তবে ইভিএমের বিষয়ে কতিপয় লোকজনের মধ্যে আস্থার সংকট রয়েছে।











