বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, একটা প্রজন্ম স্বাধীনতা কীভাবে এসেছিল তা ভুলতে বসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে আবারও দেশের চাকা যেন স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়েছে।
রবিবার (২৬ মার্চ) রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, একটা প্রজন্ম বঙ্গবন্ধু কে ছিলেন সেটা ভুলতে বসেছিল। সেই অবস্থা থেকে দেশকে এবং জাতিকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানানোর জন্য আমরা বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা শুরু করেছি। আজকে পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম এবং নবীন অফিসার ও তাদের পরিবার যারা এখানে আসবেন তারা দেখবেন বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করার মাধ্যমে।
তিনি বলেন, আগামী প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও কী চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই সম্পর্কে তাদের জানার আগ্রহ সৃষ্টি হবে।











