পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি চাইনিজ ভ্যানের ভেতরে আত্মঘাতীর হামলায় তিন চীনাসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আত্মঘাতী হামলাকারী একজন নারী ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী করাচি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে ভ্যানের কাছে বিস্ফোরণটি ঘটে।
বিস্ফোরণের পর উদ্ধারকারী ও নিরাপত্তা সংস্থাগুলি করাচি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে উদ্ধার তৎপরতা শুরু করে। বিস্ফোরণের পর ভ্যানে আগুন ছড়িয়ে পড়ে। করাচি ইউনিভার্সিটির সমস্ত প্রবেশ ও প্রস্থান বন্ধ করে দেওয়া হয়েছে এবং ঘটনার আরও তদন্ত চলছে।
আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বিস্ফোরণে ৪ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
গুলশান-ই-ইকবাল হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, একজন বিদেশী, একজন নিরাপত্তা কর্মী এবং একজন প্রাইভেট গার্ড সহ তিনজন আহত হয়েছেন।
ডিআইজি ইস্ট মুকাদ্দাস হায়দার বলেন, বিস্ফোরণটি বেলা ১টা ৫২ মিনিটে ঘটে, এতে দুই নারী ও একজন পুরুষসহ তিন চীনা নাগরিকসহ চারজন নিহত হন।
করাচি পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, বিস্ফোরণে নিহত চীনা নাগরিকরা করাচি বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা শিক্ষা কেন্দ্র থেকে ফিরছিলেন।
সূত্র : জিয়ো নিউজ











