সুদানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তাই সংঘাতপূর্ণ সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিকে, সুদানে বিবাদমান দুই বাহিনীর গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেখানের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলির আঘাত হেনেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে।
খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।
সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পাঁচ শতাধিক নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন। ফিরতে আগ্রহীদের তালিকা করা হচ্ছে।











