এখন থেকে হজ্বের সব তথ্য মিলবে এক অ্যাপে। হজ্বযাত্রীদের প্রাক-নিবন্ধন, নিবন্ধন, হজ্বযাত্রীদের স্বাস্থ্যসেবা, টিকা, চিকিৎসা সেবা দেওয়া, আবাসন ব্যবস্থার তথ্য, লাগেজ ব্যবস্থাপনা, হারানো হজ্বযাত্রী খুঁজে পাওয়াসহ যাবতীয় সেবা কার্যক্রম ‘ই-হজ মোবাইল অ্যাপ’-এ মিলবে।
বুধবার (২৬ এপ্রিল) সচিবালয় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই অ্যাপের উদ্বোধন করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ্ব ব্যবস্থাপনায় আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি। হজ্ব এজেন্সিগুলো প্রযুক্তিগত সেবা দিতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছে। ফলে অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রত্যাশিত উন্নয়ন হয়েছে। গত ১৪ বছরে হজ ব্যবস্থাপনায় যে উন্নতি হয়েছে তা দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, প্রাথমিকভাবে প্রাক-নিবন্ধন ও নিবন্ধন রিফান্ড, নিবন্ধন ও নিবন্ধন রিফান্ড আবেদন সিস্টেমের মাধ্যমে করার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য এখানে সন্নিবেশিত করা হয়েছে। ফলে হজ্বযাত্রীরা এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভাউচার তৈরি করতে পারবেন।
আগামীতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে অনলাইনে প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের আর্থিক লেনদেন সংযোগের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বর্তমানে ই-হজ্ব ব্যবস্থাপনার বিভিন্ন সেবাও পর্যায়ক্রমে মোবাইল অ্যাপটিতে সংযুক্ত করা হবে।
হজ্ব ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং হজ্ব এজেন্সির ইউজারদের জন্য ই-হজ ব্যবস্থাপনার কাজগুলো পর্যায়ক্রমে অ্যাপটিতে সংযুক্ত করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ্ব) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ্বএজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।











