spot_img
spot_img

হাফেজ নাঈমের ফাঁসির রায় পুনর্বিচারের দাবি জমিয়তের

সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালের ২১ জুন সংঘটিত গ্রেনেড হামলা মামলায় সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে ফাঁসির রায় হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুনর্বিচারের দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে জমিয়তের প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে মুফতী ইমরানুল বারী সিরাজী বলেন, দীর্ঘ ২১ বছর ধরে চলমান এ মামলায় অসংখ্য সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে একই মামলার একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব খালাস পেলেও কেবল একজন আলেম ও হাফেজে কুরআনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় ঘোষিত হওয়ায় জনমনে ন্যায়বিচার নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, প্রকাশিত তথ্য অনুযায়ী হাফেজ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষ্য কিংবা সুস্পষ্ট ও গ্রহণযোগ্য বস্তুগত প্রমাণ উপস্থাপিত হয়নি। এমন পরিস্থিতিতে শুধুমাত্র জবানবন্দির ওপর নির্ভর করে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি প্রদান ন্যায়বিচারের মৌলিক চেতনার সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের মর্যাদা ও জনগণের আস্থা অক্ষুণ্ণ রাখতে প্রতিটি মামলায় সমতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয়, ধর্মীয় অবস্থান বা সামাজিক অবস্থানের কারণে বৈষম্যের শিকার হবেন, এটি কোনো সভ্য রাষ্ট্রের বিচারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হাফেজ নাঈম আহমদের বিরুদ্ধে প্রদত্ত রায়ের পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ বিচারিক পর্যালোচনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ন্যায়বিচারের স্বার্থে মামলাটির সব দিক পুনরায় গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করার দাবি জানানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ