spot_img

পশ্চিম তীরে অবৈধ বসতি তিন গুণ বড় করার ঘোষণা ইসরাইলের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে অবৈধ ইসরাইলি বসতি ‘ইলি’ আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেখানে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ।

শনিবার (২৫ জুলাই) ইসরাইলের ‘চ্যানেল ১৪’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

স্মোটরিচ বলেন, পশ্চিম তীরে নতুন নতুন খামার ও বসতি স্থাপন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল সরকার।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, নতুন ৭৬৩টি আবাসন ইউনিট নির্মাণ করা হলে আগামী কয়েক বছরের মধ্যে অবৈধ ‘ইলি’ বসতির আকার তিন গুণ বাড়বে।

নাবলুসের কাছে প্রাণঘাতী সংঘাতের ঘটনার পরই বড় ধরনের এই বসতি সম্প্রসারণ পরিকল্পনা প্রকাশ্যে এলো।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যমতে, শুক্রবার (২৪ জুলাই) নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তাল গ্রামের কাছে চরমপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় সংঘাতের সৃষ্টি হয়। এতে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি নিহত হন।

আসন্ন নির্বাচনে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত স্মোটরিচ অবৈধ বসতি সম্প্রসারণ নীতির অন্যতম সমর্থক।

চলতি মাসের শুরুতে তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে ৩৪টি নতুন বসতি স্থাপনের জন্য ইসরাইলের নিরাপত্তা ক্যাবিনেট ১৩০ কোটি শেকেল, প্রায় ৪৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, বাজেট অনুমোদন করেছে।

তিনি আরও জানান, ২০২২ সালের শেষ দিকে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি ও ১৬০টি কৃষি আউটপোস্ট স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের নির্মিত সব বসতি সম্পূর্ণ অবৈধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এসব বসতি অগ্রহণযোগ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ