মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশে বর্তমানে গ্যাস, বিদ্যুৎসহ যে সংকট চলছে, এটি আমাদের তৈরি করা সংকট নয়। ১৮ বছরের ফ্যাসিবাদ এই সংকট তৈরি করে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট উত্তরণের জন্য প্রাণান্তকর চেষ্টা করছেন। ইনশাআল্লাহ, অতিদ্রুত এই সংকট আমরা উত্তরণ করব।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, গত ১৮ বছরে আমাদের দেশের লেখাপড়ার মান ধ্বংস হয়ে গেছে। আমরা জানি, একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। হাসিনার রেজিম সেই কাজটি করেছে। কারণ এই দেশ যখন মেধার ভিত্তিতে চলবে, তখন তারা গণতন্ত্রের কথা বলবে। তখন তারা অর্থনীতির কথা বলবে। তখন তারা বাংলাদেশের সমৃদ্ধির কথা বলবে।
তিনি বলেন, যখন দেশ মেধার ভিত্তিতে চলবে না, লেখাপড়ার মান নিচে নেমে যাবে, দেশ নেশায় ভরে যাবে এবং দেশে দুর্নীতি আকণ্ঠ নেমে যাবে, তখন এই দেশকে শোষণ ও লুটপাট করা সহজ হবে। আর সেই কাজটি হাসিনার রেজিম ১৮ বছর করেছে।
তিনি আরও বলেন, আজকে আমরা শিক্ষার মান উন্নয়নের কথা বলছি। শুধু শিক্ষার মান উন্নয়ন নয়, আজকে অর্থনীতিও তলানিতে। এই যে আমরা বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা দেখি, বাংলাদেশ তো একসময় গ্যাসের ওপর ভাসত। বিদ্যুতেরও সমস্যা হওয়ার কথা ছিল না। তাহলে আজকে সমস্যা কেন?
তার ভাষায়, ‘এই হাসিনার রেজিম, ফ্যাসিবাদী রেজিম এগুলোকে ধ্বংস করে দিয়েছে। বিদ্যুতের নামে লুটপাট করেছে। গ্যাস উত্তোলন না করে শুধু ইনপুট করেছে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে বেপজা, সেটাকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, এই নির্বাচিত গণতান্ত্রিক সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এসে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও করা হচ্ছে।
বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অভিভাবক সদস্য সফিকুল ইসলাম লোটাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর সহধর্মিণী বেগম নার্গিস সিদ্দিকা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল ও সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম মামুনুর রশীদ, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।











