কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে। যারা আজও পর্দার অন্তরাল থেকে নীল কুটির লাল কুটির ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। আগামীতে বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করতে চাইবে। তাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব ইউনিয়ন থেকে শুরু করে টাঙ্গাইল জেলা কমিটির সম্মেলন শেষ করা হবে। দলকে সুশৃংখল এবং ঐক্যবদ্ধ করে নতুন ও শিক্ষিত তরুণ সমাজকে নেতৃত্বে আনা হবে। শিক্ষিত মানুষ দ্বারা দলকে পরিচালনা করতে হবে। তারা নির্মোহ জাতীর বিবেক হিসেবে কাজ করবে। শুধু ধর্ম নিরপেক্ষতা বললেই মানবতাবাদী হবে না। সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীকে মানবিক চেতনায় উদ্ধুদ্ব করতে হবে। অতীতে আমরা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং আগামীতেও বিএনপি জামায়াতের আন্দোলন প্রতিহত করা হবে।












