spot_img
spot_img

গাজ্জার অধিকার ও ন্যায়বিচারের লড়াইয়ে ফিলিস্তিনিরা একা নন: এরদোগান

অধিকার ও ন্যায়বিচারের জন্য লড়াইরত গাজ্জার ফিলিস্তিনিরা একা নন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, আদালতে। যারা গণহত্যা চালায়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে ২১তম মুসিয়াদ এক্সপো আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও ২৯তম আন্তর্জাতিক ব্যবসা ফোরামের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতে। সেখানে তারা নিজেদের সংঘটিত অপরাধ এবং ঝরানো রক্তের জন্য জবাব দেবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘যারা গণহত্যা চালায়, তাদের যদি বিচার ও ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় না আনা হয়, তাহলে একই ধরনের নৃশংসতা আবারও ঘটবে।’

ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করে এরদোগান বলেন, ‘ফিলিস্তিনি জনগণ একা নয় এবং তাদের পরিত্যাগ করা হয়নি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘অধিকার ও ন্যায়বিচারের জন্য লড়াইরত গাজ্জার আমাদের ভাই-বোনেরাও একা নন।’

এরদোগান আরও বলেন, ‘আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করে সত্য তুলে ধরা এবং নিপীড়িতদের কণ্ঠস্বর হয়ে থাকা অব্যাহত রাখব।’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ককে কেন্দ্র করে গড়ে ওঠা অঞ্চলটি ‘সংকটের পূর্ণাঙ্গ ঝড়ের’ মধ্য দিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, বৈশ্বিক ব্যবস্থা ‘বৈধতা, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচার’ নিয়ে অচলাবস্থার মুখোমুখি হয়েছে।

অর্থনীতির প্রসঙ্গে এরদোগান বলেন, তুরস্ক টানা ২৪ প্রান্তিক ধরে প্রবৃদ্ধি অর্জন করে আসছে। বর্তমানে তুরস্ক বিশ্বের ১৬তম বৃহত্তম এবং ইউরোপের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি।

তিনি আরও জানান, তুরস্কের রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা ২০০২ সালে ৩৩ হাজার থেকে বেড়ে ২০২৫ সালে ১ লাখ ৬৮ হাজারে দাঁড়িয়েছে।

এরদোগান বলেন, ‘২০ দিন আগে আমরা যে নতুন মধ্যমেয়াদি কর্মসূচি ঘোষণা করেছি, তার আওতায় টেকসই ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাব।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ