spot_img
spot_img

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয়ী হলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঐতিহাসিক চতুর্থ মেয়াদে জয় পেয়েছেন। দেশটির নির্বাচনী আদালত জানিয়েছে, সিনেটর ফ্লাভিও বলসোনারোকে ৪০ লাখের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।

রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে বামপন্থী রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা লুলা সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর জ্যেষ্ঠ ছেলে ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেছেন। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকাজুড়ে ডানপন্থী প্রার্থীদের নির্বাচনী জয়ের যে ধারা চলছিল, তার ব্যতিক্রম ঘটেছে।

প্রথম দফায় এগিয়ে থাকা ফ্লাভিও বলেন, ভোটগ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানোর বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর তিনি নির্বাচনের ফল বাতিলের আবেদন করবেন। ফল মেনে নিতে তার অস্বীকৃতি ২০২২ সালের নির্বাচনে পরাজয় মেনে নিতে তার বাবা জাইর বলসোনারোর অস্বীকৃতির কথাই স্মরণ করিয়ে দিয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, ডানপন্থীদের বিক্ষোভের আশঙ্কা থাকলেও নির্বাচনের ফল বাতিল হওয়ার সম্ভাবনা কম। ঝুঁকি পরামর্শক প্রতিষ্ঠান রেইনের (RANE) লাতিন আমেরিকাবিষয়ক বিশ্লেষক মারিও ব্রাগা বলেন, বিক্ষোভের মাধ্যমে নির্বাচনের ফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

লুলার এই জয় তার রাজনৈতিক জীবনে আরেকটি প্রত্যাবর্তনের ঘটনা। ৮০ বছর বয়সী লুলা ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগে কারাগারে ছিলেন। পরে ওই অভিযোগগুলো বাতিল হয়ে যায়। এর ফলে তিনি ২০২২ সালের নির্বাচনে জাইর বলসোনারোকে পরাজিত করতে সক্ষম হন।

লুলার সঙ্গে ভোট গণনার সময় সাও পাওলোতে থাকা বামপন্থী আইনপ্রণেতা এরিকা হিলটন রয়টার্সকে বলেন, “তিনি একজন রাষ্ট্রনায়ক, একজন মহান নেতা।”

তবে দুর্নীতির কেলেঙ্কারি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লুলাকে ভোটারদের অসন্তোষের মুখোমুখি হতে হয়েছে। একই সঙ্গে ক্রমবর্ধমান অ্যাপভিত্তিক অর্থনীতিতে শ্রমজীবী মানুষের সঙ্গে তার যোগাযোগ কতটা কার্যকর, তা নিয়েও সমালোচকরা প্রশ্ন তুলেছেন।

সূত্র : রয়টার্স, পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ