সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্টের অপরাধে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পুলিশ হেফাজতে নেওয়ার আগেই ওই যুবক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে খোলা একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ওই পোস্ট দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকর পোস্ট দেওয়া হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি অপ্রীতিকর হতে পারে আশঙ্কায় গ্রামবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই যুবককে হেফাজতে নেয়।
পুলিশ ওই ব্যক্তিকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কয়েকজন ঢিল ছোড়েন। তবে পুলিশ দ্রুত সেখান থেকে চলে যেতে সক্ষম হয়।
ঘটনার পর স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গ্রামে গিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি পাবেন।
পুলিশ হেফাজতে নেওয়ার আগে সোমবার সকালে তাহিরপুর থানায় করা জিডিতে ওই যুবক উল্লেখ করেন, তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। সেখান থেকেই একটি মহল বিভ্রান্তিকর তথ্য ও সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট ছড়াচ্ছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল জানান, ওই যুবককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। গ্রামে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।











