১৯৭১ সালে বাঙালিদের সহায়তার পরিবর্তে পাকিস্তানকে দুর্বল করতেই কাজ করেছিল ভারত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে গত ১৫ বছর ভারত বাংলাদেশকে উপনিবেশের মতো শোষণ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন স্পিকার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডুনিয়া নিউজ বৃহস্পতিবার তার বক্তব্য প্রকাশ করেছে।
হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাঙালি জনগণকে সহায়তা করেনি, বরং পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যেই কাজ করেছিল। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচার প্রত্যাখ্যান করেছে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালেও বাংলাদেশ গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেন স্পিকার।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারত তাকে ফেরত দিতে অস্বীকার করলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে।
২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনা দেশে ফিরে এলে কারাদণ্ড ভোগ করতে হবে বলে মন্তব্য করেন স্পিকার। আগামী ১০ বছরের মধ্যে তার দেশে ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত তাকে ফেরত না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে বলেও হুঁশিয়ারি দেন স্পিকার।
নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির নিষিদ্ধ থাকার বিষয়েও সরকারের অবস্থানের কথা উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দলটিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। গত ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের পাকিস্তানে প্রথম সরকারি সফর।
সফরে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা, প্রতিনিধিদলের বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাংলাদেশের স্পিকার।











