জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিগত পাঁচ দশকে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। উন্নয়নের ক্ষেত্রে দেশটির অর্জন বিস্ময়কর।
শুক্রবার (২৬ মার্চ) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধিসহ অন্যান্য মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘ সদরদপ্তরের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, সদস্য রাষ্ট্রসমূহের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, জাতিসংঘের সংস্থাসমূহ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক বিদেশী কূটনীতিকের অংশগ্রহণে ভার্চুয়ালি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্ব ও র্যাফেল ড্র গোটা আয়োজনে একটি ভিন্ন মাত্রা যোগ করে।
বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর উদাত্ত আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বহু কাঙ্খিত স্বাধীনতা।
রাষ্ট্রদূত ফাতিমা বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দারিদ্রপীড়িত একটি দেশ থেকে বিশ্বের দ্রুত বর্ধমান অর্থনীতির একটি দেশে উন্নীত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সিডিপি বাংলাদেশকে চুড়ান্তভাবে এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের অনুমোদন দিয়েছে। স্বাধীনতার ৫০ বছরে এই অর্জনের মাধ্যমে সমগ্র জাতির বহুদিনের কাঙ্খিত স্বপ্ন পূর্ণ হলো।











