রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের প্রেসিডেন্ট ভলকান ভজকি।
বুধবার (২৭ মে) সকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামশুদ দৌজা এ তথ্য জানান।
রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়কালে ভলকান ভজকি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব এবং স্বদেশে প্রত্যাবাসনে জাতিসংঘ জোরালো ভূমিকা পালন করে যাবে। এ ব্যাপারে মিয়ানমারের সরকারের ওপর চাপ সৃষ্টি অব্যাহত থাকবে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গাদের অধিকার নিয়ে আলোচনাও অব্যাহত রাখবে।
সকাল ৯টায় তিনি আকাশ পথে কক্সবাজারে আসেন। তারপর যান উখিয়ায় কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন।











