spot_img
spot_img

অন্যায্য শাসনের বিরুদ্ধে আশুরা প্রেরণা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর, বলেছেন, দশই মহররম পৃথিবীর ইতিহাসে একদিকে বেদনাবিধুর স্মৃতি, অন্যদিকে অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অনিঃশেষ প্রেরণা।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আজকের এই দিনে আমরা হজরত হোসাইন রাদিআল্লাহু তাআলা আনহু ও তার পরিবার-পরিজনের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের স্মৃতিতে বেদনার্ত হই। একই সঙ্গে সব অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে অবিরাম সংগ্রামের প্রতিজ্ঞা করি।

তিনি বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের বিশ্বাসের অংশ। ইতিহাসচর্চা বা অন্য কোনো কারণেই কারও কথায়, শব্দে ও বচনে আহলে বাইতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পাওয়া অনুচিত।

একই সঙ্গে ভালোবাসা প্রকাশে বাহুল্য করা, শরীয়াহর সীমারেখা অমান্য করা এবং বিশেষত হজরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআলা আনহুসহ সাহাবায়ে কেরাম সম্পর্কে কটুক্তি করাও কাম্য নয়।

চরমোনাই পীর বলেন, ইসলাম সর্বদা ভারসাম্যপূর্ণ ইনসাফের আচরণের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকে চ্যুত হওয়া যাবে না।

তিনি বলেন, মনে রাখতে হবে, কারবালার ঘটনার আগে থেকেই আশুরা ইসলামে গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আশুরার দিনকে তাৎপর্যময় বিবেচনা করেছেন এবং আশুরার রোজাকে বিশেষভাবে মহিমান্বিত করেছেন।

চরমোনাই পীর বলেন, এই বিষয়টিও আমাদের স্মরণে রাখতে হবে। আশুরার দুই রোজা রাখা এবং সুন্নাহসমর্থিত তাসবিহ-তাহলিল আদায়ে মনোযোগী হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ