spot_img
spot_img

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করে সরকার পরিচালনা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করে বিএনপি সরকার পরিচালনা করছে।

শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্য, ময়মনসিংহ বিভাগের উদ্যোগে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশ পরিচালনায় তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণহত্যার বিচারে কার্যকর পদক্ষেপ নেই, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, তেল ও বিদ্যুতের দাম বেড়েছে।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে। কিন্তু সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

তিনি আরও বলেন, চীন ও মালয়েশিয়া সফর শেষে জনগণের জন্য কী অর্জন হয়েছে, সরকার বা বিএনপি তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। এতে তাদের পররাষ্ট্রনীতিরও ব্যর্থতা প্রকাশ পেয়েছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা নেতা রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ