নির্বাচন কমিশনের কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে আয় দেখানো হয়েছে, ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা ব্যয়ের কথা বলা হয়েছে। ব্যাংকে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
আজ রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে এই হিসাব জমা দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে।’
তিনি বলেন, ‘জনগণ প্রত্যাশা করে একটি অবাধ সুষ্ঠু ও অর্ন্তভূক্তিমূলক নির্বাচন আয়োজন করবে বর্তমান কমিশন। বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে।’
অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে আওয়ামী লীগ কারচুপির ভোট করেছিল উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থাসহ সব কিছু ধ্বংস করে দিয়েছিল।’
এসময়, বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করবে বলেও প্রত্যাশা করেন রিজভী।











