ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভয়াবহ এই বন্যায় প্রায় ২০ লক্ষ মানুষ ঘর-বাড়ি হারিয়ে পানিবন্দী হয়ে আছে। এমতাবস্থায় তাদের পাশে দাড়িয়েছে দেশের রাজনৈতিক এবং অরাজনৈতিক বহু সংগঠন। তেমনি চলমান এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ত্রান সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে রাজধানীর যাত্রাবাড়ি শ্যামপুর এলাকার আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ।
ইতোমধ্যে সংগঠনটি ফেনী সোনা গাজীতে বন্যাকবলিত এক হাজার পরিবারের মাঝে ১২ টন খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। প্রতিটি প্যাকেটে প্রায় ১২ কেজি করে খাদ্য সামগ্রী ছিল।
প্যাকেটগুলোতে ছিল, চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ, খেজুর খাদ্যদ্রব্য এবং সঙ্গে আরও দেয়া হয় প্রাথমিক চিকিৎসার ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি। আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর জন্য সোলার সরবরাহ করা হয়।
সংগঠনটি জানায়, ত্রাণ বিতরণের ক্ষেত্রে মেইন রোডের আশপাশের তুলনায় প্রত্যন্ত অঞ্চলকে প্রাধান্য দিচ্ছে তারা। সোনাগাজী বাদাদিয়া, কদম তলা, কুটির হাট, সোনাপুর, মতিগঞ্জ এবং ফেনী সদরের ফাজিল পুর ভূঁইয়ার হাট, লস্কর হাট এসব এলাকার অবস্থা এখনো ভয়াবহ।
সংগঠনটির সেক্রেটারি মুফতী শফিক সাদী ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বালেন, ঢাকা থেকে অনেকেই আমরা ত্রান নিয়ে এসেছি। কিন্তু রাস্তার পাশে আমরা ত্রান দিয়ে চলে যাচ্ছি। অথচ গ্রামের ভিতরে এমনও অনেক পরিবার আছে, যারা দুই-তিনদিন যাবত না খেয়ে আছে। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে এখনে কেউ ত্রান নিয়ে আসছে না।।
ত্রান নিয়ে যারা বন্যাকবলিত মানুষের পাশে দাড়াচ্ছেন তাদের প্রতি মুফতী শফিক সাদী আহ্বান জানিয়ে বলেন, আপনারা যারা ত্রান নিয়ে আসছেন, কষ্ট করছেন; আপনাদেরকে মোবারকবাদ জানাই। তবে রাস্তার পাশে শুধু না দিয়ে আপনারা ভিতরে আসুন। ভিতরের অবস্থা খুবই করুন। বর্ণনা করার মত না। তারা দু’দিন তিনদিন না খেয়ে আছে। খাবেরর কোন ব্যবস্থা নাই, রান্নার কোন ব্যবস্থা নাই। তাদের কাছে অর্থ আছে, কিন্তু পানির কারণে বাজারে যেতে পারছে না। সুতরাং আপনারা ত্রান নিয়ে একটু ভিতরের দিকে আসুন।
তানযিমুল উলামা ওয়াল আইম্মার সভাপতি মাওলানা রশিদ আহমদের নির্দেশনায় সেক্রেটারি মুফতি শফিক সাদীর নেতৃত্বে, মসজিদের ইমাম-খতিব, মাদরাসার মুহতামিম-শিক্ষক ও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে ৩০ সদস্যের একটি দল এই ত্রাণ সহায়তার কাজ করে যাচ্ছে। তারা কোমর পর্যন্ত পানিতে নেমে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
সংগঠনটি জানায়, তানযিমুল উলামা ওয়াল আইম্মার ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। আগামীকালের মধ্যেই পরবর্তী কাফেলা রওনা দিবে ফেনী ও কুমিল্লার উদ্দেশ্যে।











