প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৬ গৃহহীন পরিবারকে ঘর উপহার দেওয়া হয়েছে। আশ্রয়ণ কর্মসূচির অধীনে নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. সামসুল ইসলাম মোল্লার ব্যক্তিগত উদ্যোগে এই বসত ঘর উপহার দেওয়া হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে ভার্চুয়ালি আশ্রয়ণ কর্মসূচির আওতায় ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
উদ্বোধন ও আলোচনা সভা শেষে যুবলীগের চেয়ারম্যানের পক্ষ থেকে শিবপুর উপজেলার পালপাড়া গ্রামের বৃদ্ধা রতন বালার হাতে ঘরের চাবি তুলে দেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো. সামসুল ইসলাম মোল্লা। এ সময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে ঘর পেয় খুশি শিবপুর উপজেলার পালপাড়া গ্রামের বৃদ্ধা রতন বালা। তিনি বলেন, দুই ছেলে-মেয়ে, ছেলের বৌ ও নাতি নিয়ে একটা ঝুপড়ির মধ্যে থাকতেন। রোদ বৃষ্টিতে পুড়েছি। বারান্দা ও মেঝেতে ঘুমিয়েছি। আজ ঘরে ঘুমাতে পারবো। আমি শেখ হাসিনার জন্য দোয়া করছি।
নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুহাম্মাদ সামসুল ইসলাম মোল্লা বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। এবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গৃহহীনদের ঘর উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। নেত্রীবৃন্দের পক্ষ থেকে কারা কারা ঘর দিতে ইচ্ছুক, কেন্দ্র থেকে তালিকা চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় আমি শিবপুর আমার নিজ এলাকায় অসহায়, দরিদ্র ও গৃহহীন ৬টি পরিবারকে ঘর উপহার দেয়ার প্রস্তাব দিয়েছি। এর মধ্যে আজকে বৃদ্ধা রতন বালাকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি ৫ জনের ঘরের কাজ শেষে হলে তাদের চাবি বুঝিয়ে দেয়া হবে।












