বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, ক্যাম্পাস, অফিসসহ সব জায়গায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদ।
সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আখতারুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।
রাষ্টপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ স্বল্প সময়ের মধ্যে সব শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ ও মনিটরিংয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপতি করোনা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাসসহ কার্যকরী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। একইসঙ্গে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেন।










