শরীয়তপুরের জাজিরায় ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার প্রস্তুতির সময় পুলিশ উপস্থিত হলে জড়ো হওয়া ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি জোড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। ফলে কেক কাটার আগেই আয়োজনটি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে জাজিরা থানায় নিয়ে যায় পুলিশ। মোটরসাইকেলগুলোর মালিকানা বা এগুলো কারা ব্যবহার করছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল জেলা পুলিশ।
হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। জন্মদিনকে সামনে রেখে শনিবার ঢাকার ধানমন্ডিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের খবর পাওয়া গেছে। সেখানে কয়েকজনকে আটক করেছে পুলিশ।











