র্যাব, পুলিশ বা ডিবির ইউনিফর্ম পরা দেখলেই তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে না করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।
তিনি বলেন, ইউনিফর্ম দেখেই তাদের ডাকে সাড়া দেওয়ার কোনও কারণ নেই। তাদের পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনে বাকবিতাণ্ডা করুণ। মানুষ জড়ো করুন। নিকস্থ থানা পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিন।
বুধবার (২৭ অক্টোবর) সকালে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে ২৬ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর, মতিঝিল এলাকা থেকে ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করে ডিবি। এই চক্রটি ডিবি ও র্যাবের পরিচয় দিয়ে মানুষকে তুলে নিয়ে ছিনতাই করে নির্জন কোনও জায়গায় ফেলে রাখতো।
গ্রেফতারকৃতরা হলো—মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ইমদাদুল শরীফ, খোকন, মাসুদুর রহমান তুহিন, মো. মামুন শিকদার, মো. কমল হোসেন, মো. ওয়াহিদুল ইসলাম, ফারুক ব্যাপারী ও মো. মতিউর রহমান।
এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, একটি পিস্তল, একজোড়া হাতকড়া, ট্রাভেল ব্যাগ, দুটি তিনি জ্যাকেট, চারটি নতুন গামছা, একটি সিলভার রঙের প্রাইভেট কার, একটি মাইক্রোবাস ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।












