পাকিস্তানের বেলুচিস্তানে মাদক চাষ ও উৎপাদনের নিন্দা জানাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলেছে, বেলুচিস্তানে উৎপাদিত ও প্রক্রিয়াজাত মাদক আফগানিস্তানসহ অন্যান্য দেশে পাচার করা হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আরিয়ানা নিউজকে দেওয়া বক্তব্যে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা আবদুল মতিন কানি বলেন, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাজার হাজার হেক্টর জমিতে মাদকজাতীয় ফসল চাষ করা হচ্ছে। তিনি দাবি করেন, পাকিস্তানে উৎপাদিত মাদকের মান নিম্ন এবং এগুলো মানবস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।
মাদক চাষ, উৎপাদন ও পাচার বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান কানি।
সম্প্রতি রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি ব্রিটিশ প্রতিষ্ঠান আলসিসের স্যাটেলাইট বিশ্লেষণের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায়, বেলুচিস্তানে ৯ হাজার হেক্টরেরও বেশি জমিতে আফিম চাষ করা হচ্ছে। বিশেষ করে লোরালাই ও কিলা আবদুল্লাহ এলাকায় এই চাষ বেশি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আরিয়ানা নিউজ











