ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে হাসিনার দেশে ফিরতে একটু বিলম্ব হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে ‘জানুয়ারির কথামালা’ শিরোনামে দেওয়া এক পোস্টে হাসিনার দেশে ফেরার আলোচনা নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করেন আসিফ নজরুল।
জানুয়ারির কথামালা শিরোনামে আসিফ নজরুল বলেন, ডিসেম্বরে ফিরলে লক্ষ লক্ষ মানুষ তাঁকে প্রাণ দিয়ে রক্ষা করত। তাদের বাঁচাতেই তিনি আসেননি। স্বজন হারানোর বেদনা তাঁর চেয়ে বেশি আর কে বোঝেন। ডিসেম্বরে ফিরতে প্রস্তুত ছিলেন। পাকিস্তানের দালালরা ভয়ে তাঁকে আসতে দেয়নি।
তিনি বলেন, ডিসেম্বরে ফিরব বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল। এই কৌশলে তিনি জয়ী হয়েছেন। ফেরা না-ফেরার প্রশ্ন এখানে অবান্তর।
তিনি আরও বলেন, তিনি শান্তি চান। গৃহযুদ্ধ এড়াতেই তিনি আসেননি। পাশাপাশি আসিফ নজরুল প্রশ্ন তোলেন, ডিসেম্বরে ফিরবেন, এটা কি তিনি নিজে বলেছিলেন? নিজের মুখে তো বলেননি। ডিসেম্বর তো আরও আছে, ঠিক না? দেখেন না কী হয় পরের ডিসেম্বরে।
শেখ হাসিনার ফেরার সময় নিয়ে আসিফ নজরুল বলেন, ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। এবার আর কারও জন্য অপেক্ষা করবেন না। আগামী মার্চেই ফিরবেন। তিনি ফিরবেন। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে একটু বিলম্ব হচ্ছে।











