spot_img
spot_img

ডিসেম্বরে আমাকে ওসমান হাদির মতো হত্যার আশঙ্কা: ব্যারিস্টার ফুয়াদ

আগামী ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মতো হত্যার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেছেন, হত্যার তালিকায় তার নাম রয়েছে। এ সময় নিজের নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ব্যারিস্টার ফুয়াদ।

কপালে রাইফেল তাক করা কার্টুনটিকে কেন হত্যার ইঙ্গিত হিসেবে দেখছেন, সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, কার্টুনের ব্যাপারে তিনি উদার এবং রাজনৈতিক ব্যঙ্গচিত্রকে স্বাগত জানান। তবে বর্তমানে দেশে রাজনৈতিক সহিংসতা চলছে উল্লেখ করে তিনি বলেন, আপনি দেখেছেন অ্যাসাসিনেশনের (গুপ্তহত্যা) তালিকায় “এই ডিসেম্বরে ওসমান হাদি কে হবে”, সেই তালিকায় আমার নাম আছে। এমন একটি প্রেক্ষাপটে আঁকা এই কার্টুনটি দেশ-বিদেশের আওয়ামী সার্কেলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তারা এটি শেয়ার করে উল্লাস করছে।

নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, সৃজনশীলতাকে আমি স্বাগত জানাই, কিন্তু সেই সৃজনশীলতা যখন একটি বিশাল উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে ভিন্ন বার্তা দেয় এবং তাদের উৎসাহিত করে, তখন তা উদ্বেগের। আওয়ামী সার্কেল থেকে আমি প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছি এবং বাংলাদেশে আমি এমনিতেই নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, গণহত্যা, নির্বাচন ও সংবিধান ধ্বংসের জন্য আওয়ামী লীগকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ‘সরি’ বলতে হবে। তবে দলের পদবিহীন সাধারণ সমর্থক, যারা লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ