পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন চ্যানেলের মাধ্যমে আরও কর্মী পাঠানোর মাধ্যমে মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মকাণ্ডে অবদান রাখতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী মোমেন এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর মধ্যে টেলিফোন কথোপকথনের সময় তিনি এসব কথা বলেছেন বলে শুক্রবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
আলাপকালে ড. মোমেন মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রশংসা করেন। এছাড়া অর্থনীতির সব খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ উন্মুক্ত করার বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেন তিনি।
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের আইসিটি কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার মাধ্যমে ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করে সাইফুদ্দিন আবদুল্লাহ সম্পর্কটিকে ‘কৌশলগত স্তরে’ উন্নীত করার ওপর জোর দেন।










