বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হলের নাম ‘আবরার হল’ করার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়টির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বুয়েটে ঘটে যাওয়া আবরার ফাহাদের হত্যাকাণ্ডের স্মৃতি কখনো মুছে যাওয়ার নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সেই ঘটনার শিক্ষা মনে করিয়ে দিতে একটি হলের নাম ‘আবরার হল’ রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
তিনি বলেন, আমি এই হলের নাম ‘আবরার হল’ করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাব। যদি এটি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে ওই হলে আবরারের স্মরণে দুটি দিবস পালন করা হবে। সেই স্মৃতি থেকে আমরা শিক্ষা নেব, যাতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে আর কোনো মেধাবী শিক্ষার্থী এমন পরিণতির শিকার না হয়।”
তিনি আরও বলেন, শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম প্রণয়ন এবং বিশ্ববিদ্যালয়-শিল্পখাতের সম্পর্ক জোরদার করতে হবে। একই সঙ্গে প্রকৌশল শিক্ষায় আসনসংখ্যা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।











