spot_img
spot_img

বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনার দাবি জামায়াত এমপির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করা উচিত।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, মদিনার ইসলামে সুদ ছিল না, জাকাত ছিল। তাই সুদ বন্ধ করে জাকাত চালু করতে হবে। ফসলের ওশর আছে। অন্যান্য দ্রব্যের জাকাত, কাফফারার সঙ্গেও অর্থনীতির সম্পর্ক আছে।

বাংলাদেশে একটি জাকাত মন্ত্রণালয় ও আলেমদের নেতৃত্বে তা পরিচালনা করার দাবি জানান তিনি। কওমি মাদ্রাসার প্রতি বাজেট থাকা দরকার বলেও জানান তিনি।

মসজিদে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মসজিদে নববীতে রাষ্ট্র পরিচালনা করা গেলে বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে কেন করা যাবে না?

মুজিবুর রহমান বলেন, আমাদের মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামের লোক। ওখানে তো কোরআন হাদিস পড়ার একটা কালচার আছে বলে আমি জানি।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে আয়াত যখন পড়েন, তখন মনে হয় যে কালচার তিনি করেছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী দেখলাম না—জাকাত শব্দ এখানে উচ্চারণ করেছেন।

ঋণনির্ভরতা নিয়েও আপত্তি জানান জামায়াতের এই সংসদ সদস্য। জাতীয় ঋণকে ছোট করে দেখার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, ঋণ করা যাবে; কিন্তু ঋণ রেখে মারা যাওয়া যাবে না।

ঋণ করে রাষ্ট্র চালানোর সমালোচনা করে মুজিবুর বলেন, ফকিরি করে দেশ চালানো যাবে না। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ