spot_img

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিতে উৎসাহিত করতে তথ্যদাতার জন্য নগদ ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

তিনি বলেন, কোনো মাদক কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে তার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাউফল উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দেশে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূলই হওয়া উচিত। তিনি জানান, এ লক্ষ্যে তিনি জাতীয় সংসদে ‘মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর’-এর পরিবর্তে ‘মাদক নির্মূল অধিদপ্তর’ গঠনের প্রস্তাব উপস্থাপন করেছেন। তার ভাষায়, মাদক নিয়ন্ত্রণ বলতে সরকারের নিয়ন্ত্রণে মাদক কেনাবেচা বোঝায়, কিন্তু মাদক নির্মূলের অর্থ হলো দেশে মাদকের সব ধরনের বেচাকেনা বন্ধ করে যুবসমাজকে এ অভিশাপ থেকে রক্ষা করা।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকার মাদক নির্মূলের পরিবর্তে নিয়ন্ত্রণের কথা বলেছে। অথচ মাদক ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, একটি নিরাপদ, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ