হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার ঘটনায় অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেন, ছাত্রদল ও যুবদলের ‘সন্ত্রাসী বাহিনী’ তাদের ওপর আক্রমণ করেছে।
তিনি বলেন, ‘আমাদের কারও হাত ভেঙে গেছে, কারও মাথা ফেটে গেছে। হামলাকারীরা ক্যামেরা ও ফোন ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি একজন কর্মীর চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। জেলা সেক্রেটারি এক কর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছেন।’
মঙ্গলবার রাতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আহত সাত-আটজন ভাইকে নিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালের দিকে যাওয়ার সময় হাসপাতালের গেটে পুনরায় আক্রমণ করা হয়। তাদের হাসপাতালের ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে।’
হামলার সময় পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেন সারজিস আলম।
তিনি বলেন, ‘হামলার সময় পুলিশ সামনে থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং দাঁড়িয়ে থেকে নাটক দেখেছে।’
এনসিপির দাবি, মঙ্গলবার বিকেলে তাদের পদযাত্রায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। এতে দলটির অন্তত ১০ নেতাকর্মী আহত হন।










