spot_img
spot_img

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে: সারজিস আলম

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, আমরা যখন বিএনপির সমালোচনা করি, তখন বিএনপির বন্ধুরা মনে করেন, আমরা তাদের বিরোধিতা করছি। কিন্তু বিএনপি যদি ব্যর্থতার দিকে এগিয়ে যায়, সেটি যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্যও ক্ষতিকর।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপি চাঁদপুর জেলা সাংগঠনিক সমন্বয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, বিএনপিকে সংসদের ভেতরে ও বাইরে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি বলেন, ‘একজন শিক্ষককে এভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পুরো বাংলাদেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আমরা দেখছি। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। বিচার নিশ্চিত করবেন এবং ঘোষিত রায় বাস্তবায়ন করবেন।’

তিনি আরও বলেন, সংসদে ও সংসদের বাইরে এনসিপি তাদের ভূমিকা রাখার চেষ্টা করছে। বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা ও আমলনামা এনসিপি পুরো দেশের মানুষের সামনে তুলে ধরেছে।

সারজিস আলম বলেন, ‘বিএনপির উচিত নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করা।’

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তাদের কর্মকাণ্ডের সমালোচনা হওয়া স্বাভাবিক। সমালোচনাকে বিরোধিতা হিসেবে না দেখে নিজেদের কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের সুযোগ হিসেবে নেওয়া উচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ