আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি এখন থেকে প্রস্তুতি শুরু করেছে। কিন্তু কোনো লাভ হবে না।
সোমবার (২৭ সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব। ভাবনায় ও চর্চায় বিএনপির একমুখী দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে। গত ১৩ বছর বিএনপির আন্দোলন করার নিষ্ফল আহ্বান যেমনি ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও নিষ্ফল হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার বেগম জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না বরং তার বয়স ও স্বাস্থ্যের ওপর নজর দিয়ে তার সাজা স্থগিত করেছে চতুর্থবারের মতো। এ উদারতা একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন। শেখ হাসিনার উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবে।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় তিনি বলেন, লকডাউনের পরে আবার পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে। এ অবস্থায় যাত্রী সাধারণের চলাচলের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস সেবা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার পর ধানমন্ডি এলাকায় চক্রাকার বাসসেবা পুনরায় চালুরও প্রস্তুতি রয়েছে।












