দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের পরবর্তী কর্মজীবন ও রাজনীতিতেও সততা এবং স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের পাঁচটি বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত প্রতিনিধিরা সততা, স্বচ্ছতা, কর্মদক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছেন। এসব গুণের ভিত্তিতে আগামী দিনের নেতৃত্বেও তারাই আসবেন বলে প্রত্যাশা করেন জামায়াতের আমির। এ সময় পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত সব প্রতিনিধিকে ধন্যবাদ ও মোবারকবাদ জানান তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচিত ছাত্র সংসদের প্রতিনিধিরা শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে মেয়াদ শেষে জাতির সামনে যেভাবে নিজেদের কাজের উপস্থাপনা তুলে ধরেছেন, তা দেশের ইতিহাসে বিরল ঘটনা।
ইসলামী ছাত্রশিবির ও সমমনা প্যানেল থেকে ছাত্র সংসদে নির্বাচিতদের উদ্দেশে তিনি আরও বলেন, ছাত্রজীবনে আদর্শিক চর্চার মাধ্যমে অর্জিত শিক্ষা যেন কর্মজীবন ও সমাজের রাজনীতিতে প্রবেশের পরও অটুট থাকে। নৈতিকতা, চরিত্র, সততা ও স্বচ্ছতার এই শিক্ষাকে কাজে লাগিয়ে তারা দেশ ও জাতিকে বদলে দেবেন, বাংলাদেশ সেই অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।











