মিয়ানমারের জনগণের বিরুদ্ধে নিপীড়ন বন্ধ করে অবিলম্বে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টিতে করতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো দাবি জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলেট।
তিনি বলেন, স্বাধীনতা হারানোর জন্য মিয়ানমারের জনগণকে ইতোমধ্যে চড়া মূল্য দিতে হয়েছে।
তিনি আরও বলেন, মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের জন্য অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এখন এর সময়ও এসেছে। সেইসঙ্গে দেশটির গণতন্ত্র দ্রুত ফেরাতে বিশ্ব নেতাদের যথাযথ উদ্যোগী হওয়া প্রয়োজন।
মিশেল বলেন, আমি এই অঞ্চলের এবং এর বাইরের রাষ্ট্র প্রধানদের পাশাপাশি ব্যবসায়ীদেরকেও মিয়ানমারের বেসামরিক নাগরিকদের এই আবেদনটি শোনার অনুরোধ জানাচ্ছি।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার তথ্যমতে, গত ১ ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর এ পর্যন্ত সামরিক বাহিনীর হাতে প্রাণ গেছে কমপক্ষে দেড় হাজার বেসামরিক মানুষের। বন্দির সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১১ হাজার।










