শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৯ এপ্রিল) ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করার সাথে সরকারের আর্থিক বিষয় জড়িত আছে। এটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। এগুলো সরকারি হলে ভাল হয়, নাকি অটোনোমাস থাকলে ভাল হয়- এটা নিয়ে গবেষণার দরকার আছে।
তিনি আরও বলেন, আগামী বছর নির্বাচনের বছর। আগামী নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। আমরা গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। এগিয়ে যেতে চই সমৃদ্ধ ভবিষ্যতের দিকে। আমরা কোন দিনও আর হাওয়া ভবনের সেই দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না।











