গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে বিচার বিভাগ সরকার ও আইনমন্ত্রীর অনুগত হয়ে কাজ করছে। এজন্য অনেকগুলো পরিবর্তন আমাদের দরকার।
শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট: উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি প্রয়াত জিয়াউর রহমানের জন্য ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছে, আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। উনার যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা দু‘আ করি যেন উনি বেঁচে থাকেন।
তিনি আরও বলেন, বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়। এটার জন্য তাদের উচিত ছিল, যেদিন থেকে সরকার খালেদা জিয়াকে বাইরে যেতে দেয়নি সেদিন থেকে অনশন করা। সেদিনই বলা উচিত ছিল কাশিমপুরে যেতে চাই, ফিরোজাতে থাকতে চাই না। ফিরোজাতে উনাকে রাখা আরেকটা ধাপ্পাবাজি। উনি কি বধির, কানে শোনেন না? ১৫ দিনের কর্মসূচিতে বিএনপির উচিত তার মুক্তির জন্য রাস্তায় নামা।
ডা. জাফরুল্লাহ বলেন, আজকে বিচার বিভাগ সরকার ও আইনমন্ত্রীর অনুগত হয়ে কাজ করছে। এজন্য অনেকগুলো পরিবর্তন আমাদের দরকার। বিএনপিকে প্রমাণ করতে হবে তারা এলএসডি খায়নি। তা না হলে তারা আত্মহত্যা করছে। এতো লোক থাকার পরও তাদের চিন্তার এতো দীনতা দেখি। আমরা হয়তো খালেদা জিয়াকে আর বেশি দিন পাবো না। আমি গত ৩ বছর ধরে বলে আসছি খালেদা জিয়ার চিকিৎসামুক্ত খোলা বাতাসে হাঁটতে দেওয়া। তাহলেই উনি ভালো হবেন। কেবল ওষুধে রোগ ভালো হয় না। ওষুধের সঙ্গে জনগণের ভালোবাসা যখন উনি দেখবেন উনি তখন সুস্থ হবেন।











