দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। কোরবানির মূল উদ্দেশ্য হলো ত্যাগ; অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা।
বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, কয়েকমাস ধরে সরকারের অব্যবস্থাপনা,পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ঈদুল আজহায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যেসব জিনিসের দামে অনেক কম ছিল সেগুলোর দামও এখন আকাশচুম্বী। যেমন আদার দাম এক লাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকায় হয়ে গেছে। এছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমূল্যেরও দামও বৃদ্ধি হয়েছে। এজন্য নিম্ন ও মধ্য আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়েই তারেক জিয়া বাংলাদেশে ফিরে আসবেন। তিনি দেশে না থেকেও আন্দোলন নির্দেশনা দিচ্ছেন সেই আন্দোলন চলছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। যদি জাতীয় পার্টি মনে করে এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না তাহলে তাদের সাধুবাদ জানাব।










