spot_img

ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক আইনি মানদণ্ড সমুন্নত রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যর্থ হচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) করা অভিযোগকে একপেশে ও পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বক্তব্য না নিয়েই সংস্থাটি এমন অভিযোগ করেছে। তাই এ প্রতিবেদনকে নিরপেক্ষ বলার সুযোগ নেই।

চিফ প্রসিকিউটর বলেন, ‘এইচআরডব্লিউর প্রতিনিধিদল প্রসিকিউশন বা তদন্ত সংস্থার সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করলে সঠিক তথ্য বেরিয়ে আসত। কিন্তু তাদের বর্তমান প্রতিবেদনটি একপাক্ষিক। কোনো আসামির মাধ্যমে প্রভাবিত হয়ে এটি প্রকাশ করা হয়েছে।’

এইচআরডব্লিউর প্রতিবেদনে সাক্ষীদের জবানবন্দিতে একই ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি নিয়ে তোলা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একই ঘটনায় একাধিক আসামির বিচার হলে সাক্ষীদের বক্তব্যে সামঞ্জস্য থাকাই স্বাভাবিক। কারণ একটি জায়গায় যদি ১০০ জন মানুষ শহীদ হন এবং ওই ঘটনায় বিভিন্ন আসামির বিচার আলাদাভাবে হয়, তাহলে সাক্ষীদের বক্তব্যও একই ধরনের হবে। বরং ভিন্ন ভিন্ন বক্তব্য হলে তখনই প্রশ্ন ওঠার কথা।’

বিষয়টি এইচআরডব্লিউ সঠিকভাবে বুঝতে পারেনি উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, ‘সাক্ষীদের বক্তব্যে সামঞ্জস্য থাকা বাঞ্ছনীয়। কারণ সারাদেশে একই ধরনের অপরাধ, একইভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অতএব সাক্ষ্যও একই ধরনের হবে। যা ঘটেছে, সাক্ষীরা সেটিই বলবেন। সেসব বক্তব্য একই রকম হলে দোষ কোথায়?’

তদন্ত সংস্থা বা প্রসিকিউশন টিমের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অতিরিক্ত আইজিপি, এসপি ও অতিরিক্ত এসপি পদমর্যাদার ২৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রসিকিউশন টিমেও দীর্ঘদিনের অভিজ্ঞ ফৌজদারি আইনজীবীরা রয়েছেন।

তিনি বলেন, এসব কর্মকর্তা ও আইনজীবীর দক্ষতা বা মান নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ একটি দেশীয় আইন। তাই দেশের আইনজীবী ও বিচারকদের মাধ্যমেই এ বিচার পরিচালিত হবে। বিদেশি বিচারক বা আইনজীবী এনে বিচার পরিচালনার কোনো প্রশ্নই ওঠে না।’

তিনি বলেন, ‘বরং হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টিসহ যেসব সংস্থা বারবার এ ধরনের প্রতিবেদন প্রকাশ করছে, তাদের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন রয়েছে। যথাযথ তথ্য যাচাই-বাছাই না করে এবং আসামিদের দ্বারা প্রভাবিত হয়ে তারা পক্ষপাতদুষ্ট প্রতিবেদন প্রকাশ করছে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ