spot_img
spot_img

হাসনাত দুঃখ প্রকাশ করায় কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের জন্য সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করায় পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। একই সঙ্গে এনসিপির পূর্বনির্ধারিত কর্মসূচিতেও কোনো বাধা না দেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর কওমি ছাত্র ঐক্য পরিষদের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, “হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।”

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত আব্দুল্লাহর সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। শহরের জামিয়া ইউনূছিয়া মাদরাসা এলাকা থেকে বের হওয়া মিছিলে কয়েক শ মাদরাসা শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। বক্তব্যের জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৩টায় এনসিপির নির্ধারিত অনুষ্ঠানস্থলে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

তবে শনিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। সংসদে দেওয়া বক্তব্যের প্রেক্ষাপটও ব্যাখ্যা করেন তিনি।

এরপর এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির কর্মসূচি আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপির পক্ষ থেকে শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করার কথা জানানো হয়েছিল। রাজনৈতিক সমাবেশের কথা জানানো হয়নি। শিল্পকলা একাডেমি রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের জন্য নয় বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হওয়ার প্রসঙ্গ তুলে সরকারের ভূমিকার সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ