বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি, বিএনপি আত্মসমর্পণ করার দল নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘অনেকে বিএনপিকে মনে করে ধাক্কা দিলেই চলে যাবে, অতীতে অনেকে এরকম কথা বলেছেন। কিন্তু যারা বলেছিলেন বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দিবে না, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির নেতা শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেন নাই, আপস করেন নাই, জনগণকে একলা ফেলে পালিয়েও যায় নাই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের দল, জনগণকে পাশে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দল। যারা বিএনপিকে ভয় দেখান, চোখ রাঙানি দেখানোর চেষ্টা করেন, তারা গণতন্ত্রের ভাষায় কথা বলুন। জনগণের পক্ষে কথা বলার দল, গণতন্ত্র রক্ষা ও পুনঃপ্রতিষ্ঠা করার দল। গণতন্ত্রকে অব্যাহত রাখার দলের নাম বিএনপি। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।’











