স্থানীয় সরকার নির্বাচনের জন্য চলতি অর্থবছরের বাজেটে ছয় হাজার কোটি টাকা সংরক্ষণ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, চলতি অর্থবছরের মধ্যেই দেশের স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার। এসব নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটাতে চলতি অর্থবছরের বাজেটে ছয় হাজার কোটি টাকা সংরক্ষণ রাখা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শাহে আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা পাঁচটি স্থানীয় সরকারসংক্রান্ত অধ্যাদেশ নতুন সরকার আইন হিসেবে জাতীয় সংসদে পাস করেছে। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ-এই পাঁচ আইনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে নির্বাচনের বিধান বিলুপ্ত করা হয়েছে। ফলে এসব নির্বাচন সাধারণ প্রতীকে ও নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রার্থীদের সমর্থন দিতে পারবে বলে জানান তিনি।
তিনি বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনগুলো সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে বলা হয়েছে। বাজেটে রাখা অর্থ নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পুরো নির্বাচনটি মাঠ থেকে তুলে নিয়ে আসবে নির্বাচন কমিশন। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করেছি। তফসিল ঘোষণা, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রিসাইডিং অফিসার নিয়োগ, পোলিং এজেন্ট নিয়োগসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশনই সম্পন্ন করবে।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগ আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, তা নির্ধারণ করা হবে।
সরকারের ‘গ্রিন সিগন্যাল’ প্রয়োজন কি না-এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কোনো ‘গ্রিন সিগন্যালের’ প্রয়োজন নেই। নির্বাচন কমিশন প্রস্তুত হয়ে তফসিল ঘোষণা করতে চাইলে তারা তা করতে পারবে। কমিশন আনুষ্ঠানিকভাবে জানালে সরকার প্রয়োজনীয় অর্থ ও প্রশাসনিক সহযোগিতা দেবে।











