নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় সোহেল ইউপি চেয়ারম্যান লাক মিয়ার প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি এলাকায় ফিরে আবারও চাঁদাবাজি শুরু করেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে কয়েকজন সহযোগীকে নিয়ে বালিয়াপাড়ার শরিফের বাড়িতে চাঁদা নিতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা সোহেলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা আছে। সম্প্রতি ক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছিল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
নিহত সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে।











