spot_img

বয়স হয়ে গেছে, এখন আগের মত পারি না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, এখন বয়স হয়ে গেছে আগের মত পারি না। যদি পারতাম নারায়ণগঞ্জ থেকে মাদক দূর করে ফেলতাম। আমরা জানি কারা এর সাথে সম্পৃক্ত। তারা আমাদের শেল্টারেই মাদক বেঁচে। আমি পুলিশ ভাইদের কাছে হাত জোর করে ভিক্ষা চাই, আমাদের নারায়ণগঞ্জটাকে সেফ করুন। আমরা আছি সাথে, প্রয়োজনে আমরা আপনাদের সাথে লাঠি নিয়ে নামবো। আপনারা চাইলে এটি সম্ভব।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমি যখন ছিয়ানব্বইতে নারায়ণগঞ্জেরে এমপি, তখন নারায়ণগঞ্জে মাদকের ক্লাব ছিল, নাম ছিল ফেনসিডিল ক্লাব। প্রতিদিন ত্রিশ হাজার ফেনসিডিল বিক্রি হতো নারায়ণগঞ্জে। নিষিদ্ধ পল্লীতে ৬ হাজার যৌনকর্মী কাজ করতেন, যাদের বয়স ১১ বছরের নিচে। এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের পিস্তলের নিশানায় পড়েছি।

তিনি বলেন, আমি যখন হজে গিয়েছি, তখন পবিত্র কাবাঘর ছুঁয়ে ওয়াদা করেছিলাম, নারায়ণগঞ্জের কলঙ্ক নিষিদ্ধ যৌনপল্লী ও মাদক সমস্যার সমাধান করবো। আপনারা জেনে অবাক হবেন এবং কষ্ট পাবেন, সেই নিষিদ্ধপল্লী থেকে সারা বাংলাদেশের ক্রাইম (সন্ত্রাসী কার্যক্রম) নিয়ন্ত্রণ হতো। ওই পল্লীতে ৬ হাজারের বেশি মেয়ে কাজ করতো, যাদের বয়স ১১ বছরের নিচে। প্রতিদিন ওই এলাকায় ৩০ হাজার বোতল ফেনসিডিল বিক্রি হতো। সেই সময়ে এখানে যারা পুলিশের দায়িত্বে ছিলেন তাদের আমি অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের ও তাদের পরিবারের জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া চাই, তারা যেন সুস্থ থাকেন। তারা না থাকলে আমি এগুলো বন্ধ করতে পারতাম না। আমার মাদকের আস্তানা উচ্ছেদ করেছিলাম, কিন্তু যৌনপল্লী নয়। যৌনপল্লীর পুনর্বাসন করা হয়েছে।

শামীম ওসমান বলেন, আমি শুধু আল্লাহকে খুশি করার জন্য এই কাজ করবো বলে কাবা শরিফে প্রতিজ্ঞা করেছিলাম। দেশে ফিরে যখন এই কাজে হাত দিব তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলাম, আমি এটা করতে চাই। আপা (প্রধানমন্ত্রী) বললেন কর, আমি বললাম বাঁধা আসবে আপা। তিনি আমাকে সাহস দিয়ে বললেন, ভালো কাজে বাঁধা আসবেই, তুমি এগিয়ে যাও শামীম। প্রচণ্ড বাধা এসেছিল, আপনারা নাম শুনলে ভয় পাবেন। দেশে-বিদেশে এমন কোনো সেক্টর নাই যারা এর সাথে জড়িত ছিলেন না। যারা টেলিভিশনে বসে বড় বড় বক্তব্য দেয় এমন সব লোকেরা এর সাথে সম্পৃক্ত ছিলেন। আমি মনে করি সেই কাজটি আমার জীবনের একটি ভালো কাজ ছিল এবং এই কারণেই বোমা হামলায় বেঁচে গেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ