spot_img
spot_img

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের প্রতিটি ধাপ যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় কমিশন মনে করছে, দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দলগুলোও একমত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত না হলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে সিইসি বলেন, ভোটের বিভিন্ন পর্যায়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

সংলাপের প্রথম দিনে ১৮টি দলকে আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন। জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ১৮টি দলের অংশ নেওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করে কমিশনের কাছে নতুন করে সময় চেয়েছে বলে দলের পক্ষ থেকে এশিয়া পোস্টকে নিশ্চিত করা হয়েছে। এ কারণে দলটি প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি।

একই সঙ্গে জামায়াত জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনও সংলাপে অংশ নেয়নি। জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি সংলাপে অংশ নেয়নি।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫৯টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপের বাইরে রাখা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ